শাবিপ্রবির ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২৫

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের দুইজন শিক্ষক, প্রক্টরিয়াল বডির দুই সদস্যসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলা ও লোকপ্রশাসন বিভাগ।
খেলার একপর্যায়ে মাঠের ভেতরে থাকা লোকপ্রশাসন বিভাগের একজন খেলোয়াড়কে ‘স্লেজিং’ করে এক দর্শক।
এতে বাংলা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ২৫ জন আহত হয়।
পরে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ ওমর ফারুক ও ড. মো. জাহাঙ্গীর আলম এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আবদুল বাসিতসহ দুই পক্ষের অন্তত ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা মাউন্ট এডোরা হাসপাতালে ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল।
তবে এই ঘটনায় ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।
ভোরের আকাশ/নি. ব