মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে নির্ধারিত সময়েই চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হবে।
তবে, এই শোক দিবস উপলক্ষে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার রাতে জানান, "এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।"
মঙ্গলবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
উল্লেখ্য, এর আগে ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছিল। পরে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির কারণে ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন পরীক্ষাও স্থগিত করা হয়।
প্রসঙ্গত, সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও, আহত অন্তত ১৭১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোরের আকাশ//হ.র