যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি: ইবি’র দুই শিক্ষার্থীর সাফল্য

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দুটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি করার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। তারা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাকিম পিয়াস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম।
মোস্তাকিম পিয়াস যুক্তরাষ্ট্রের ‘ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি’তে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এবং শফিকুল ইসলাম ‘মিসৌরি বিশ্ববিদ্যালয়’-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ‘ফল-২০২৬’ সেশনে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ লাভ করেছেন।
নিজের সাফল্যের যাত্রা সম্পর্কে মোস্তাকিম পিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়। ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে তিনি আইইএলটিএস ও জিআরই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন। প্রথমদিকে স্কলারশিপ না পেলেও পরবর্তীতে গবেষণার অভিজ্ঞতা ও অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি এই সুযোগ লাভ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, এই বিশ্বাস থেকেই তার যাত্রা শুরু। বড় স্বপ্ন ও সাহস নিয়ে তিনি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ফুল ফান্ডেড পিএইচডি অফার পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান।
ভোরের আকাশ/এনউব