নারায়ণগঞ্জে বাসা থেকে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসার ভেতরে টবে চাষ করা প্রায় ছয় ফুট উচ্চতার জীবিত গাঁজা গাছ উদ্ধার করেছে এসআরবি-১১।
এ ঘটনায় মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত সবুজ রঙের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, যা প্রায় ছয় ফুট। ডালপালা ও পাতাসহ গাছটির মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।
এ বিষয়ে এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১১ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক চাষ, মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ভোরের আকাশ/রই