সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মালীগাঁও ও সাগরদীঘিপার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত টর্চলাইটের আলোতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইল সদরের মালিগাঁও ও সাগরদীঘি গ্রামের লোকজনের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), সরাইল থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বারের নেতৃত্বে বিএনপির একটি অংশ ঘটনাস্থলে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানায়। তারাও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ভোরের আকাশ/সু.পা