দুর্যোগ মোকাবেলায় নতুন পরিকল্পনা
ভোলায় রেড ক্রিসেন্টের নতুন কমিটির যাত্রা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা জেলা ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগষ্ট) বিকেলে ভোলা জেলা ইউনিট কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর।
নবগঠিত কমিটির সম্পাদক হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জাহান জেব আলম, অধ্যক্ষ খালেদা খানম, অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, আবুল হাসনাত তসলিম, জুন্নু রায়হান ও মীর মোশাররফ হোসেন অমিসহ অন্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা ভোলায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তুলতে যুব সমাজের আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে রেড ক্রিসেন্টের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/এনএ