উদ্বোধনের পরদিনই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি

২০ আগস্ট খুলে দেওয়া হয়েছে হরিপুর-চিলমারি তিস্তা নদীর ওপর মওলানা ভাসানী সেতু। উদ্বোধনের দিন দিবাগত রাতে চুরি হয়ে গেছে সেতুর শোভা বৃদ্ধির জন্য স্থাপিত ল্যাম্পপোষ্টের তার। এর ফলে রাতের শোভা প্রদর্শনের লাইটিং বন্ধ হয়ে পড়েছে।
সেতুর দায়িত্বে নিয়োজিত উপ-সহকারি প্রকৌশলী কাজি মাহবুবুর রহমান তার চুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ আগস্ট বুধবার সেতু উদ্বোধনের পর রাতে ল্যাম্পপোষ্টের বাতি জালানো সম্ভব হয়নি। পরদিন বৃহস্পতিবার বিদ্যুৎ অফিসের লাইনম্যান এবং সেতুর দায়িত্বে থাকা ইলেকট্রিক মিস্ত্রি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেন। এক পর্যায়ে তারা দেখতে পান মাটির নিচ দিয়ে পাইপের মধ্যে রাখা তার নেই। পরে দেখা যায়, সেতুর হরিপুর পয়েন্ট হতে ৩১০ মিটার তার চুরি হয়েছে, যার আনুমানিক দাম প্রায় ৬ লাখ টাকা।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম বলেন, উদ্বোধন হওয়ার আগেই ল্যাম্পপোষ্টের তার চুরি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি এলাকাবাসির জন্য লজ্জাজনক। উদ্বোধনের পর সেতু এলাকা থেকে নিরাপত্তাকর্মী আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই গভীর রাতে নদীর মধ্য থেকে তারগুলো চুরি হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, তারগুলো সেতুর নিচ দিয়ে পাইপের মাধ্যমে নেওয়া হয়েছিল। তার দাবি, এক প্রান্ত কেটে অন্য প্রান্ত থেকে টেনে বের করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত সেতু কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্বোধনের আগের দিন রাতে বিদ্যুৎ সংযোগ চালু করে ল্যাম্পপোষ্টের বাতি জ্বালানো হয়েছিল। বিদ্যুৎ অফিসের লাইনম্যানরা খতিয়ে দেখেছেন যে তার চুরি হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার বিষয়টি তদন্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরবাজার-কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১,৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ করছেন চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান। সেতুটির প্রস্থ ৯.৮ মিটার। এতে ৩১টি স্প্যান এবং ৩২টি পিলার রয়েছে। সেতুটি নির্মাণে অর্থ প্রদান করছেন সৌদি ডেভেলপমেন্ট ফান্ড। এতে ব্যয় হবে ৯২৫ কোটি টাকা।
২০১৪ সালের ২৫ জানুয়ারি গাইবান্ধার সার্কিট হাউসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিপুর-চিলমারি তিস্তা সেতুর ভিত্তি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী। ২০১৮ সালের পর ২০২১ এবং সর্বশেষ ২০২৪ সালে সংযোগ সড়কসহ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
দ্বিতীয়বারের মতো ২০২০ সালের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১,৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধীত) প্রকল্প অনুমোদন দেয়।
ভোরের আকাশ/হ.র