শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এডুকেশন এক্সপো

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি ও ভিসা প্রক্রিয়াসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘শেরপুর এডুকেশন এক্সপো’।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ব্যারিস্টার শাহাদাত হোসাইনের আয়োজনে এ শিক্ষা এক্সপোর আয়োজন করা হয়।
আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানানো, তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, শিক্ষাবৃত্তির সুযোগ, আবেদন প্রক্রিয়া, ভিসা সংক্রান্ত তথ্য এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন পথ নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাছুদুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, ব্যারিস্টার রানা, ব্যারিস্টার সাদিক, ব্যারিস্টার ফারহান, ব্যারিস্টার রিয়াদ এবং অ্যাডভোকেট সাদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সামনে দেশ-বিদেশে নানা সুযোগ রয়েছে। সঠিক তথ্য, যথাযথ পরিকল্পনা ও সময়মতো প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিতে পারে। এ ধরনের শিক্ষা এক্সপো শিক্ষার্থীদের সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য জানার পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসাইন বলেন, শেরপুরের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় ধারণা দেওয়ার পাশাপাশি তাদের স্বপ্ন বাস্তবায়নে সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভোরের আকাশ/আ.র