বন্যাদুর্গতদের পাশে সরকার, জরিপ শেষে পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সব সময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ শেষে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর পুনর্বাসন ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার চায় দুর্গত মানুষ যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও তাৎক্ষণিক চাহিদার কথা শোনেন। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার, যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখা এবং পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম তদারক করতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি সড়কপথে চকরিয়ার উদ্দেশে রওনা হন। পরে ফাঁসিয়াখালীসহ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
সফরের অংশ হিসেবে তিনি চকরিয়ার আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টায় পেকুয়া উপজেলার নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে তাঁর।
পরদিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম তদারকি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বেলা ১২টায় মাতামুহুরী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। দুপুরে কক্সবাজার সার্কিট হাউসে ফিরে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। রাত ৮টা ৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় চকরিয়া, পেকুয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে কৃষিজমি, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক ও বসতবাড়ি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ও পুনর্বাসনের আশ্বাস দুর্গত মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।
ভোরের আকাশ/এনউব