খুলনা প্রেসক্লাবে ১০ প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা

সাংবাদিকতা পেশায় চার দশক বা তার বেশি সময় ধরে অবদান রাখা খুলনা প্রেসক্লাবের ১০ জন প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা ও সমাজ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
শনিবার (১০ অক্টোবর) রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। খুলনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান, নাগরিক নেতা সরদার আবু তাহের ও নারী উদ্যোক্তা শামীম সুলতানা শিলু।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
সংবর্ধনাপ্রাপ্ত ১০ সাংবাদিক হলেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, দ্য নিউ নেশনের খুলনা ব্যুরোপ্রধান মুনির উদ্দিন আহমেদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চরচার বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, এনটিভির খুলনা ব্যুরোপ্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনবির শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের নিউজ এডিটর মাসুদুর রহমান রানা, নতুন দিগন্তের খুলনা ব্যুরোপ্রধান মো. আনিসুজ্জামান, নয়া দিগন্তের খুলনা ব্যুরোপ্রধান মো. এরশাদ আলী এবং সাপ্তাহিক কোলাহলের সম্পাদক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। প্রবীণ সাংবাদিকরা দীর্ঘ কর্মজীবনে সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সত্য প্রকাশে প্রবীণ সাংবাদিকদের আপসহীন ভূমিকা খুলনা তথা দেশের সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের উপস্থিত সদস্যদেরও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সদস্যরা হলেন ক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেন এবং নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও মো. আনিস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথি, প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা