নারায়ণগঞ্জে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণবিরোধী অভিযানে দুইটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে সদর উপজেলার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— পূর্বলামাপাড়া, কুতুবপুরের “এস এন গার্ডেন” এবং নিউ হাজীগঞ্জ এলাকার “এস আর এস নিট ডাইং”। অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, “পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যারা আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ র.ই