বোয়ালমারীতে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের উপর অভিমান করে ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার করেছে।
আত্মহত্যাকারী শিশুটির নাম মাহফুজা সাঈদা মনিয়া (৮)। সে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. মোনোয়ার হোসেনের মেয়ে। মনিয়া খরসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রবিবার (২৬ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যদিনের মতোই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে সে। দুপুরে খাবার পর মা সালমা বেগম তাকে ধর্মীয় শিক্ষার জন্য পড়াতে বসালে সে অনিহা প্রকাশ করে। এ নিয়ে তার মা তাকে চাপ দিলে অভিমান করে মনিয়া। পরে শোবার ঘরের দরজা বন্ধ করে খাটের রেলিংয়ের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে জানায় পরিবার। দরজা বন্ধ দেখে শিশুটির মা প্রথমে দরজা খোলার জন্য হাঁকডাক দিয়ে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। এসময় প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের জানালা খুলে খাটের রেলিংর সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে জানালা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মেয়েটির চাচা সানোয়ার হোসেন মোল্যা জানান, মনিয়া অত্যন্ত মেধাবী ছিল। ক্লাসে তার রোল ৩। স্কুল থেকে ফিরে আসার পর আরবি পড়ার জন্য চাপাচাপি করলে সে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে এটা আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে । ময়নাতদন্তের পর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এনউব