ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু। রবিবার সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর এলাকায় রেললাইনের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশে রাত থেকেই মরদেহটি পড়ে ছিল। সকালে এক স্থানীয় মহিলা ঢেঁড়শ তুলতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্যদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থলটি সিরাজগঞ্জ রেল থানার অধীনে। সেখানকার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে।
ভোরের আকাশ/ র.ই