খালিশপুর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি নব্বই দিনের সময় নির্ধারণ করে দিয়েছেন। ইতোমধ্যে কুড়ি দিন পার হয়েছে। কিন্তু এর আগে থেকেই আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করে কাজ করছি। বাকি সময়ও ডেঙ্গু মোকাবেলায় কাজ করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খালিশপুরস্থ লাল হাসপাতালে নবম ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জ্বরে আক্রান্ত রোগীদের ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, ডেঙ্গু পরীক্ষা ও ঔষধ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কেসিসির স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাসসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র