উত্তরা ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্বে মিজানুর রহমান পুনর্বহাল

নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমানকে পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি কলেজে উপস্থিত হয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর পুনর্বহালের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মিজানুর রহমানের পুনর্বহালের ফলে কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুনর্বহাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মতিন বাবু, আলম জোয়ারদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকসহ আরও অনেকে।
দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বলেন, “আইন অনুযায়ী আদালতের অনুমোদনে আমি আবারও উত্তরা ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব পেয়েছি। আদালত আমাকে ছয় মাসের জন্য দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
ভোরের আকাশ/সু.পা