গাইবান্ধায় ঝড়ের কবলে পড়ে ভিজিএফের চালবোঝাই ২টি নৌকা ডুবি

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের ৪৬৭ বস্তা চালবোঝাই দুটি নৌকা ডুবে গেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফের ২৩ হাজার ৩৫০ কেজির যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চাল বোঝাই ইঞ্জিনচালিত দুইটি নৌকা যোগে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেয়া হচ্ছিল।
সকালে মেঘাচ্ছন্ন আকাশ ও হঠাৎ দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া চালের কিছু বস্তুা উদ্ধার করলেও নদের নিমিষেই সব চালের বস্তুা নদীতে তলে যায়৷
বালাসিঘাটের মুদিদোকানি বাবু মিয়া বলেন, আজ সকালে হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই নৌকা দুটি ডুবে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চালগুলো গতকাল বুধবার গুদাম থেকে বের করা হয়েছিল। এগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, নৌকাডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চালগুলো গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, 'ভিজিএফের চাল বিতরণের জন্য চারটি নৌকায় চালের বস্তাগুলো তোলা হয়েছিল। এ সময় আকস্মিক ঝড়ে দুটি নৌকা ডুবে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় একটি নৌকা থেকে ২৩৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকি বস্তাগুলো উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষে আজই এসব চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।'
ভোরের আকাশ/ র.ই