সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি সায়দাবাদ-কাঁঠালতলা লোড-আনলোড পয়েন্টে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে কাজ করছিলেন ইউসুফ। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে পাথরবোঝাই ট্রাকের চালক মুকুল ও সহকারী তালেব গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা