শীতের শুরুতে ব্যস্ত নড়াইলের লেপ-তোশক কারিগররা

শীতের আমেজ শুরু হতেই নড়াইলে বাড়তে শুরু করেছে লেপ–তোশক চাহিদা। ভোর থেকে রাত -তুলা পরিষ্কার, বুনন আর সেলাইয়ের ধুম পড়ে গেছে কর্মশালাগুলোয়।
বুনন শেষে একের পর এক সারি করে সাজিয়ে রাখা হচ্ছে রঙিন লেপ–তোশক। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে বিক্রিও। ক্রেতার চাহিদা মাথায় রেখে বিভিন্ন আকার, তুলা আর নকশা অনুযায়ী তৈরি হচ্ছে এসব লেপ–তোশক। শীত মৌসুমে কারিগরদের কাজের চাপ বেশি হলে ও শীত পরবর্তী সময়ে কাজের কোনো চাপ থাকে না।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নড়াইল তুলাপটি বাজারে লেপ তোশক কারিগর তুষার মিত্র বলেন, সকাল থেকে লেপ তোশক শেলাই, তুলা পরিষ্কার করি। শীত মৌসুমে প্রতিদিন ৮ থেকে ১০ টি লেপ সেলাই করতে পারি। কিন্তু কাজের অনুপাতে মজুরি পাই না।
শীত যত বাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে লেপ–তোশক কারিগরদের। মৌসুমি এই পণ্যকে ঘিরে জমে উঠেছে নড়াইলের লেপ তোশক কারিগর পাড়া। তবে শীতের মৌসুমে বিক্রি বাড়লেও— বছরের বাকি সময় কাজের অনিশ্চয়তা রেখেই চলেন কারিগররা।
শিমুল তুলার লেপ পড়ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। ঝুট তুলা দিয়ে তৈরি লেপ এক থেকে দেড় হাজার টাকায় কিনছেন ক্রেতারা। তবে গত বছরের তুলনায় দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বাহিরগ্রাম থেকে লেপ কিনতে আসা মফিজ উদ্দিন জানান, এ বছর বাজারে লেপের দাম অন্য বছরের তুলনায় বাড়তি। আমি একটি ঝুট তুলা দিয়ে তৈরি লেপ কিনলাম। বারোশত টাকা দাম নিল। শিমুল তুলার লেপের লেপের দাম বেশি। এক একটা শিমুল তুলার লেপ দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, মাল জিনিসের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে লেপ তোশকের দামে।
নড়াইল মিতালি সংঘ এলাকার লেপ তোশক ব্যবসায়ী মিলন শেখ বলেন, সরকার পরিবর্তনের পর মাল জিনিসের দাম বাড়ছে। তুলা ও ছিট কাপড়ের দাম বাড়ায় লেপের দাম বাড়ছে। তবে কেনা কাটা শীত শুরুতেই জমে উঠেছে বলে জানান এ ব্যবসায়ী।
ভোরের আকাশ/মো.আ.