সালথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় চাঁদনী আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত চাঁদনী আক্তার ওই গ্রামের সুমন সরদারের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন চাঁদনী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/আ.র