সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল ফাইনাল খেলা ঘিরে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা ও সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ফুটবল ফাইনাল খেলা নিয়ে ইলিয়াসের সঙ্গে একই গ্রামের রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ