দেশব্যাপী হামের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিতসহ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে। রোগীরাও জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে।
ওসমানী হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখানে কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে আসা-যাওয়ার বিষয়টি আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চলতি মাসের শেষ নাগাদ দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের উদ্যোগে পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গত ছয় মাসে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে। তিনি আরও বলেন, সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোরের আকাশ/সু.পা