পাবনায় চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলার আসামি সাইদুল গ্রেপ্তার

পাবনায় চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১২, পাবনা ক্যাম্প।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন যে, হোসেন আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম শাহজাদপুর উপজেলার রূপবাটি গ্রামে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সাইদুল ইসলাম হোসেন আলী হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের মাসুমবাজার এলাকায় অবস্থিত জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে দুর্বৃত্তরা গুলি করে হোসেন আলীকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।