তীব্র গরম ও লোডশেডিংয়ে মাগুরায় সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি

তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাবে মাগুরায় কাঁচাবাজারে সবজির দাম হু হু করে বেড়েছে।
মাত্র ১০ দিনের ব্যবধানে বাজারের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিম্নবিত্ত মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করাই কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা পুরাতন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের কাঁচা সবজির দাম তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এতে করে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
ক্রেতা সাব্বির হোসেন জানান, সবজির দাম যেভাবে বাড়ছে, তাতে করে তাদের পক্ষে নিয়মিত বাজার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তিনি বলেন, “আগে বড় মাছ বা মাংস কিনতাম, এখন সেগুলো তো দূরের কথা, সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।”
অন্যান্য ক্রেতারাও একই ধরনের অভিযোগ করে জানান, শুধু সবজি নয়, মাছ ও মাংসের দামও বেড়েছে। বাজারে এসে অনেক সময় প্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।
অন্যদিকে বিক্রেতা জিয়াউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে সবজি উৎপাদন কমে গেছে, যার ফলে বাজারে সরবরাহ কম এবং দাম বেড়েছে।
তিনি জানান, “আমরা যেভাবে বেশি দামে কিনছি, সেভাবেই বিক্রি করছি। এখানে আমাদের কিছু করার নেই।”
সংশ্লিষ্টদের মতে, তীব্র তাপদাহ ও বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
ভোরের আকাশ/ র.ই