পাথরঘাটায় ভূমি মেলা
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা। ‘ভূমি মেলা ২০২৫’-এর অংশ হিসেবে এ ব্যতিক্রমী আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় পাথরঘাটা কেএমএ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভূমি সংক্রান্ত নানা বিষয়ে জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, ভূমিসংক্রান্ত ডিজিটাল সেবা, অনলাইনে খতিয়ান যাচাই, নামজারি ও কর প্রদান ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। বক্তারা মনে করেন, শিক্ষার্থীরা এসব তথ্য পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে পারে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, ভূমি সেবার ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়ে তারা ভীষণ উৎসাহিত।
আয়োজনটি বাস্তবায়নে সহায়তা করে ভূমি মন্ত্রণালয়, ভূমিসংস্কার বোর্ড ও স্থানীয় ভূমি ব্যবস্থাপনা অফিস।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো. আ.