টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুলের তিন শিক্ষার্থী আহত

টঙ্গীতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হন রাফি (১৬), বাবু আরিফ (১৭), দুর্জয় (১৭)। এরা সবাই টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষার্থীরা তাদের হামলায় গুরুতর আঘাত প্রাপ্তদের টঙ্গী সরকারি হাসপাতালে জরুরী বিভাগে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় এবং রাফি (১৬) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত কয়েকজনের নাম জানা যায়। তারা হলেন, ইমরান, নাইম, রানা, জীবন, ইমন, জয়, বিজয়, সানিম, রিমন, ইশরাক, উজ্জলসহ আরো অনেকেই এই হামলার সাথে জড়িত বলে জানান আহতদের স্বজনরা।
আহতদের কয়েকজন স্বজন বলেন, হামলাকারী সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলো এবং কয়েকজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে মাঠে সক্রিয় ছিলো।
জানা যায়, ঘটনার সময় উপস্থিত জনতা হামলাকারী নাঈমসহ তিনজনকে আটক করে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশীদদের কাছে রেখে আহতদের নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে শিক্ষকরা তাদের ছেড়ে দেন।
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোনে তাকে পাওয়া যায়নি।
এ সময় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, দুই গ্রুপের মারামারির তথ্য পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ