হাইমচরে দুর্গাপূজা উপলক্ষে ৬ মণ্ডপে ‘ডিমান্ড অর্ডার’ বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি সহায়তার ডিও (ডিমান্ড অর্ডার) বিতরণ করা হয়েছে। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও আয়োজকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পূজার আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। হাইমচরের দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখে আসন্ন দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে।
সরকারি সহায়তার বিষয়ে সংসদ সদস্য বলেন, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে পূজামণ্ডপগুলোর আয়োজন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে উৎসবের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/সু.পা