গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো. আঃ মালেককে সভাপতি এবং মিন্টু চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে অনুমোদন দিয়েছে বিসিডিএসের গোপালপুর উপজেলা কমিটি।
সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মির্জাপুর হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন উপস্থিত নেতারা।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (হায়দর), সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সুরুজ আলী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং সম্মানিত সদস্য বিধান চন্দ্র রায়, মো. শামীম ও মো. তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মোগল, ডা. শমশের আলী, নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু এবং হাদিরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের একটি সংগঠন। ওষুধ ব্যবসায়ীদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় সংগঠনের সদস্যদের দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন বক্তারা।
নতুন কমিটির মাধ্যমে মির্জাপুর ইউনিয়নের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/রই