আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি সরঞ্জাম

একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের তৈরি নানা সরঞ্জাম। কুলা, চালুনি, ডালা, ঝুড়ি, ডোল, পলো, মাছ ধরার ফাঁদ, মোড়া ও চাটাইসহ গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যাপকভাবে ব্যবহার হতো এসব পণ্য। কিন্তু সময়ের পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প।
প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি পণ্যের সহজলভ্যতা এবং কম দামের কারণে কমে গেছে বাঁশের সরঞ্জামের চাহিদা। ফলে সংকটে পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। জীবিকার তাগিদে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও একসময় বাঁশের তৈরি সরঞ্জামের ব্যাপক চাহিদা ছিল। উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে কারিগররা এসব পণ্য তৈরি ও বিক্রি করতেন।
বাঁশ কেটে, চিরে চিকন বেত তৈরি করে নিপুণ হাতে তৈরি করতেন কুলা, চালুনি, ঝুড়ি, ডালা ও মাছ ধরার বিভিন্ন উপকরণ। কৃষিকাজ, ফসল শুকানো, ধান-চাল সংরক্ষণ থেকে শুরু করে গৃহস্থালির নানা কাজে এসব সরঞ্জাম ছিল অপরিহার্য। বর্তমানে সেসব জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক ও ধাতব সামগ্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই বাঁশের তৈরি নানা সরঞ্জাম দেখা যেত। বিশেষ করে কৃষকরা ধান ঝাড়া, ফসল শুকানো ও সংরক্ষণের কাজে বাঁশের তৈরি কুলা, চালুনি ও ডালা ব্যবহার করতেন। বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য ব্যবহার হতো পলো ও বাঁশের ফাঁদ। কিন্তু এখন এসব পণ্যের ব্যবহার অনেকটাই কমে গেছে।
রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের প্রবীণ বাঁশশিল্পী আবু সাইদ বলেন, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে বাঁশের কাজ শিখেছেন তিনি। একসময় কুলা, ঝুড়ি, ডালা ও চালুনি তৈরি করে ভালোভাবেই সংসার চলত। তখন এসব পণ্যের চাহিদা ছিল অনেক। এখন প্লাস্টিকের পণ্যের কারণে বিক্রি কমে গেছে। অনেক পরিশ্রম করে পণ্য তৈরি করলেও ন্যায্যমূল্য পাওয়া যায় না। এ কারণে নতুন প্রজন্ম এ পেশায় আসতে আগ্রহী হচ্ছে না।
গুতিয়াব আগরাপাড়ার বাঁশশিল্পী আমানুল্লাহ বলেন, বর্তমানে বাঁশের দাম ও শ্রমিকের মজুরি বেড়েছে। কিন্তু তৈরি পণ্যের দাম সে অনুযায়ী বাড়ানো সম্ভব হচ্ছে না। ক্রেতারা কম দামে প্লাস্টিকের পণ্য কিনতে বেশি আগ্রহী। ফলে বাঁশের সামগ্রী তৈরি করে আগের মতো লাভ হয় না। সংসারের খরচ মেটাতে অনেক কারিগর বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
সোলপিনা গ্রামের প্রবীণ বাসিন্দা সুরিসলাম বলেন, আগে বাড়িতে বাঁশের কুলা, ডালা, ঝুড়ি ও চালুনি ছাড়া গৃহস্থালির কাজ কল্পনা করা যেত না। মাছ ধরার জন্যও বাঁশের পলো ও ফাঁদ ব্যবহার করা হতো। এখন এসব পণ্য খুব একটা চোখে পড়ে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁশের তৈরি এসব ঐতিহ্যবাহী সরঞ্জামের সঙ্গে পরিচিতই হতে পারবে না।
সচেতন মহলের মতে, বাঁশের তৈরি পণ্য পরিবেশবান্ধব এবং সহজে পচনশীল। অন্যদিকে প্লাস্টিকের বর্জ্য পরিবেশে দীর্ঘদিন থেকে মাটি ও পানিদূষণের কারণ হচ্ছে। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণেও বাঁশশিল্পের গুরুত্ব রয়েছে। আধুনিক নকশায় শোপিস, ফুলদানি, আসবাবপত্র ও ঘর সাজানোর সামগ্রী তৈরি করা গেলে এ শিল্পের নতুন বাজার সৃষ্টি হতে পারে।
কারিগরদের দাবি, বাঁশশিল্প টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন। তাঁদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, কাঁচামালের সহজলভ্যতা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় হাটবাজার ও বিভিন্ন মেলায় বাঁশের তৈরি পণ্য বিক্রির সুযোগ বাড়ানো হলে কারিগররা আবারও এ পেশায় আগ্রহী হতে পারেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন শফিক বলেন, কুটিরশিল্প গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কুটিরশিল্পের বিকাশে উপজেলা পর্যায়ে একটি প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যারা এ ঋণ নিয়ে সফল হবেন, তাঁদের পুনরায় সহযোগিতা করা হবে।
আধুনিকতার কারণে এ শিল্পের সঙ্গে যুক্ত অনেক কারিগর সংকটে রয়েছেন। তাঁদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরির সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও বাজারজাতকরণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কারিগরদের সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্টদের মতে, সময়ের সঙ্গে আধুনিক পণ্যের ব্যবহার বাড়লেও বাঁশশিল্পকে হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় বাঁশের তৈরি এসব ঐতিহ্যবাহী সরঞ্জাম কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি দেশীয় ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
ভোরের আকাশ/সু.পা