২৩ মে চিটাগাং চেম্বার নির্বাচন, স্বস্তিতে ব্যবসায়ীরা

দেশের অন্যতম পুরোনো ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৮ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের মোট ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
চিটাগাং চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এরপর দীর্ঘ সময় ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে সংগঠনটির কার্যক্রম। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক প্রশাসক দায়িত্ব পালন করেন এবং বর্তমানে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহের হোসেন প্রশাসকের দায়িত্বে রয়েছেন।
বিভিন্ন মামলা ও আইনি জটিলতার কারণে কয়েক দফা নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে হতাশা তৈরি হয়েছিল। অবশেষে নতুন তারিখ ঘোষণায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের একক প্রভাবের কারণে সাধারণ সদস্যরা প্রত্যাশিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেম্বারে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করবে বলে তারা আশা করছেন।
নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বারভিডা, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। পাশাপাশি চট্টগ্রামের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরাও নির্বাচন আয়োজনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী, অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে আরও ৬ জন পরিচালক সমঝোতার ভিত্তিতে নির্বাচিত হবেন। পরে নির্বাচিত ২৪ জন পরিচালক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
বর্তমানে সংগঠনটিতে মোট ৬ হাজার ৭৮০ জন সদস্য রয়েছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ।
ভোরের আকাশ/এনএস