সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-৪

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় রতন, সাগর, রানা ও তাজুল ইসলাম নামে চার জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা রাতে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোগরাপাড়া এলাকার মীর কবিরের সঙ্গে কামারগাঁও এলাকার শাহজামাল গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে সোমবার (১৯ জানুয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশন ভূমি কার্যালয়ের কর্মকর্তা (এসিল্যান্ড) সরেজমিন তদন্তে যান। তদন্ত কালীন সময় শাহজামালের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী এসিল্যান্ডের সামনে মীর কবির ও তার লোকজনকে অকথ্য ভাষায় গাল মন্দ শুরু করেন। এসময় পরিস্থিতি বিব্রতকর হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল ত্যাগ করেন। এসিল্যান্ড চলে যাওয়ার পর শাহজামালের নেতৃত্বে আবুল বাশার, মাসুদ, সিফাত, রাহাত, সুজন, ইমরানসহ ১০-১২ জনের একটি দল মিলে দেশীয় অস্ত্র নিয়ে মীর কবিরের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় রতন, সাগর, রানা ও তাজুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা সদও হাসপাতালে ভর্তি করেন।
হামলা ও সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/র.ই