দক্ষ জনশক্তি গড়তে আনসার-ভিডিপির নতুন উদ্যোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ‘প্রান্তিক ট্রাভেলস’, ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ারসংক্রান্ত সেবার উদ্বোধন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন ও লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সকাল ১০টায় একাডেমিতে পৌঁছালে মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে তিনি নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মন্ত্রী পিএসটিসির ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎভিত্তিক গ্রিন এনার্জি প্রশিক্ষণ এবং ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস পরিদর্শন করেন। এ ছাড়া কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্রসহ নির্মাণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ শেড ঘুরে দেখেন তিনি। প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে একাডেমি প্রাঙ্গণে দরবার হলের কাছে একটি স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লিকের মাধ্যমে ‘প্রান্তিক ট্রাভেলস’ ও স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাহিনীর সদস্যদের দক্ষতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে। জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনের জন্য দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং আনসার-ভিডিপির তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। নবউদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি নিজস্ব সিআরএম প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মাধ্যমে বাহিনীটি তাদের কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বৈধ অভিবাসনপ্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে।
‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে রিক্রুটিং লাইসেন্স প্রদান এবং আধুনিক প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আনসার-ভিডিপির সদস্যদের জন্য বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হলো। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, দালালচক্রের শোষণ রোধ এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের প্রবাসী ঋণ এবং ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্সের মতো ডিজিটাল সেবা বিদেশগমনের ব্যয় ও প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ