ঢাকা-১
বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাডি লড়াই শেষে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে শেষ হাসি হাসলেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ৬৩,৪৯৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ঢাকা-১ আসনের এমপি নির্বাচিত হয়েছেন।
ঢাকা জেলা সহকারী রিটানিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের জয় নিশ্চিত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রতীকের খন্দকার আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়ি পাল্লার প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯শত ৯ ভোট। এ হিসেবে ১৮৪ কেন্দ্রের ফলাফলে আবু আশফাক ৬৩ হাজার ৪শত ৯৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৪ টি। দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। পোস্টাল ব্যালটে ভোট ৮ হাজার ৫ শত ১৮ জন।
এদিকে ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। নির্বাচন-পরবর্তী ব্যারিস্টার নজরুল বলেন, ‘জনগণের রায়ে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখবেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহনশীলতার স্বার্থে সকলের উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।
অপরদিকে ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এ বিজয়কে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, এ বিজয়ে আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি দোহার নবাবগঞ্জ উপজেলার সকল জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যদি পাশে না থাকতেন, না সহযোগীতা করতেন, তবে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না বিজয়ী হয়ে এ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া।
ভোরের আকাশ/ র.ই