হোসেনপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ এবং হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। এ ব্যাধি প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে তারা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ ও বিশ্বের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ভোরের আকাশ/সু.পা