ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধ সিম নিবন্ধনের মাধ্যমে সাইবার প্রতারণা

ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধভাবে সিম নিবন্ধনের মাধ্যমে সাইবার প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. মহিউদ্দিন (২৯) ও মো. শিশির (২৭)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ ও জালিয়াতি করে আসার কথা স্বীকার করেছেন। তারা অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতেন। পরে বিশেষ কৌশলে ওই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট করে রাবারের সিল মেশিনের মাধ্যমে জাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতেন।
পরবর্তীতে বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করে এসব জাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অবৈধভাবে নতুন সিমকার্ড নিবন্ধন করা হতো। এসব অবৈধ সিম ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হতো বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল ডিভাইসের সহায়তায় বিভিন্ন এনআইডি কার্ড প্রস্তুত ও পরিবর্তন করতেন। পরে এসব জাল এনআইডি ব্যবহার করে মোবাইল সিমের মাধ্যমে বিকাশ, নগদসহ বিভিন্ন অনলাইন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার মেশিন, একটি রাবারের সিল মেশিন, ৮০ পিস রাবারের সিলের প্লাস্টিক স্ট্যাম্প, ৮টি বায়োমেট্রিক স্ক্যানার, ১ হাজার ফিঙ্গারপ্রিন্টের রাবার কিট, ৩৫টি ট্রেনিং পেপার, ১০০টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড এবং ৩টি মোবাইল ফোনসহ সচল ও ব্যবহৃত একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, “গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধ সিম নিবন্ধনের মাধ্যমে সাইবার প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।”
ভোরের আকাশ/ এনউব