মিয়ানমার পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

কক্সবাজারের কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। এসময় সিমেন্ট বহনকারী বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন— মো. শাহজালাল (২৯) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা, মো. খোরশেদ আলম (৩০) কক্সবাজার সদর, মো. শাহেদ (১৯) চকরিয়া, মো. সৈয়দ (২৭) টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকার বাসিন্দা, সুলতান (১৯), মিটন কান্তি দেব (৩৩), মো. মোবারক (৩৩) ও মো. কাশেম (৩২) যাদের সবাই কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
তিনি জানান, জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/নি