টাঙ্গাইলে বিএনপি'র সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের স্মরণসভা ও দোয়া মাহফিল

স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি'র সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জুলাই) দুপুরে জেলার কালিহাতী উপজেলায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনের হলরুমে এ স্মরণ সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, ঐতিহাসিক ছাত্রনেতা শাজাহান সিরাজ ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এ সময় তিনি মরহুম শাজাহান সিরাজের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান ও দেশের প্রতি অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করেন।
শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ, কালিহাতী উপজেলার বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুম শাজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, ঐতিহাসিক ছাত্রনেতা শাজাহান সিরাজ ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হন। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে সরকারের নৌপরিবহণ প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/এনউব