স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম বাচ্চু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। জনস্বাস্থ্য, চিকিৎসাসেবা ও পরিবার কল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতের সংসদীয় তদারকির দায়িত্ব এখন তাঁর নেতৃত্বাধীন ১০ সদস্যের এই কমিটির ওপর। একজন চিকিৎসককে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
সংসদে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটির নিয়োগ, গঠন, কাজ ও দায়িত্ব পালনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হবে।
কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুকে।
কমিটির সদস্যরা হলেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, যদি তিনি সংসদ সদস্য হন; সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম. এ. মুহিত; ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম; হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান; নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু; নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক; সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না; রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার এবং সংরক্ষিত মহিলা আসন-৪৬-এর সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের মানুষের চিকিৎসাসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ, জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুসাস্থ্য এবং পরিবার পরিকল্পনাসহ বিস্তৃত খাতের দায়িত্ব পালন করে। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে সংসদীয় নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে স্থায়ী কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ/সু.পা