শেষ হাসি আমরাই হাসব-ইনশাআল্লাহ: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী ১২ তারিখে শেষ হাসি আমরাই হাসব-ইনশাআল্লাহ একইসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিজ এলাকার জনগনের পক্ষে পটুয়াখালী আমন্ত্রন জানান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতেই সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আমাদের নেতা রতারেক রহমান প্রায় ২০ বছর পর বরিশালে আসছেন। তাকে স্বাগতম।
বিএনপির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে বলতে চাই, আমাদের অনুন্নত ও অবহেলিত পটুয়াখালীর জনগন আপনাকে দাওয়াত করেছে। আমাদের জেলা ‘অবহেলিত ও অনুন্নত’ বলে পটুয়াখালী অঞ্চলের উন্নয়নের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ টান ছিল এবং তিনি এই জেলাকে নিজের জেলা হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার কাছে অকাতরে যে বাজেট চেয়েছিলাম, সেই বাজেট দিয়েছিল। পটুয়াখালীসহ এই অঞ্চলের উন্নয়ন এবং বরিশাল বিভাগের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, আমরা যদি, কেন্দ্র থেকে ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়ন করতে পারি। ৩১ দফা বাস্তবায়িত হলে পটুয়াখালীর মানুষ তাদের কাক্সিক্ষত সকল উন্নয়ন ও সুযোগ-সুবিধা ফিরে পাবে-এই আশাবাদ ব্যক্ত করেন মি. চৌধুরী।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আজকের সমাবেশ থেকে গোটা বাংলাদেশকে বার্তা দিচ্ছে, আগামী ১২ তারিখে ভোটের মধ্য দিয়ে শেষ হাসি আমরাই হাসব। উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি উপস্থিত সবার কাছে ভোট প্রার্থনা করেন এবং জনতা দুই হাত তুলে তাদের সমর্থন ব্যক্ত করেন। পরে সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সাবেক এই মন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল নগর বিএনপির আহবায় মনিরুজ্জামান খান। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান (সরোয়ার), জহির উদ্দিন (স্বপন), ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, নুরুল ইসলাম (মনি), বিজেপির সভাপতি আন্দালিভ রহমান (পার্থ), গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর প্রমূখ।
সভায় বিএনপির কেন্দ্রীয় ও বরিশাল বিভাগী নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ