বাউফলে সড়কের পাশে পড়ে গিয়ে প্রবীণের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়া আলম হাওলাদার (৬৫) নামে এক প্রবীণের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাউফল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস সাত্তারের ছেলে। তিনি এক মেয়ে মুক্তা এবং দুই ছেলে সোহাগ ও সোহেলকে রেখে গেছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যান আলম হাওলাদার। সেখানে দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি কালাইয়ার উদ্দেশে রওনা দেন তিনি।
পথে বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামেন আলম হাওলাদার।
পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য অন্য একটি গাড়ির অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যান। এতে তাঁর মাথায় আঘাত লাগে।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় সিএনজি চালকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ রিফাত বলেন, আলম হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পরে স্বজনরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।
ভোরের আকাশ/ এনউব