কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রে কঠোর নিরাপত্তা
প্রত্যেক ভোটার নিরাপদে ভোট দিতে পারবেন : জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আ: মান্নান।
তিনি বলেন, জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। এ সময় কক্সবাজারের পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, এবার প্রথমবারের মতো জেলার ৫৫৮টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল প্রদর্শনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে, যেখানে সরাসরি ফলাফল দেখা যাবে। কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে পোস্টাল ব্যালট গণনা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আনসার সদস্যদের হাতে একটি বিশেষ সুরক্ষা অ্যাপ থাকবে, যার মাধ্যমে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা ও জেলা পর্যায়ের মনিটরিং সেলে জানানো যাবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
জেলা রিটার্নিং অফিসার জানান, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৮২ জন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন,কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী): ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন,কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ): ৫ লাখ ৪৫ হাজার ৯৬৩ জন,কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন।জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৯৮টি।
তিনি জানান, ১১ ফেব্রুয়ারি সকল ভোটকেন্দ্রে নির্বাচনী ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, “জনগণ নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
ভোরের আকাশ/ র.ই