নওগাঁয় ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন।
আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় পাঁচপাকিয়া এলাকার ‘মেসার্স এনবিএ ব্রিকস’-কে ২ লাখ টাকা, শিকারপুর এলাকার ‘মেসার্স মনোয়ারা ব্রিকস’-কে ২ লাখ টাকা এবং একই এলাকার ‘মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারার’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ওই তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএস