রোহিঙ্গা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পল্লানপাড়া এলাকায় একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ ফয়েজ (২৫) একই এলাকার বাসিন্দা। তিনি পুরাতন রোহিঙ্গা করিম উল্লাহর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পল্লানপাড়া এলাকার একটি বাড়ির ভেতরে ফয়েজের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/নি