জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া–এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢেমশা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম.এ. রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢেমশা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন সিকদার, সদস্য সচিব আবু কালাম আজাদ, বিএনপি নেতা আবদুল মজিদ, জাফর সিকদার, মোশতাক আহমদ, আবদু শুক্কুর, ডাং জসিম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/নি