বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা

পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে আটক করে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩০) নামের ওই ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে বিরাজোত এলাকায় নিয়ে যাওয়া হয়। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, দীপঙ্কর সীমান্তসংলগ্ন একটি চা-বাগানে কাজ করতে এসে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে গত বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দিন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে তাকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন। গরু খুঁজতে গিয়ে ভুলবশত সীমান্তের কাছে চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
ভোরের আকাশ/এনএ