চাঁদপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইল এলপিজি স্টেশনে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করার অপরাধে এক ফিলিং স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক উপায়ে বাসাবাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করা হচ্ছিল। সুনির্দিষ্ট এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দলের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে হাতেনাতে সিলিন্ডারে গ্যাস রিফিলের সত্যতা পাওয়া যায়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, লাইসেন্স না থাকা এবং জনবহুল এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সিলিন্ডারে গ্যাস রিফিলের এই অবৈধ কার্যক্রমের ওপর তাৎক্ষণিক পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আর করবে না মর্মে স্টেশন মালিক লিখিত মুচলেকা দিয়েছেন।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ উপায়ে রান্নার গ্যাসের সিলিন্ডার রিফিল করা প্রচলিত আইনের চরম লঙ্ঘন, যা যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরক বা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। সাধারণ জনগণের প্রাণ ও সম্পত্তি রক্ষা তথা জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব