ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

শীতের সকালের কুয়াশায় ওভারটেকিং করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায় এবং প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৩২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৮০) ও কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)। গুরুতর আহত হযরত আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার পরও দুটি বাসই গতিনিয়ন্ত্রণ না করে ওভারটেকিং প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এরই একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনা কোনো ‘অকস্মাৎ ঘটনা’ নয় বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও বেপরোয়া চালনারই পরিণতি।
বাসযাত্রী বেদেনা খাতুন বলেন, “চালক কুয়াশার মধ্যেও দ্রুত গতিতে বাস চালাচ্ছিল। হঠাৎ বিকট শব্দে মনে হলো সব শেষ। আল্লাহর রহমতে বেঁচে গেছি, কিন্তু অনেকেই গুরুতর আহত হয়েছেন।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, “শীত মৌসুমে কুয়াশায় সড়কে অতিরিক্ত সতর্কতা বাধ্যতামূলক। তারপরও চালকদের একাংশ বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে, যা সরাসরি যাত্রী হত্যার শামিল। অবিলম্বে নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা থামবে না।”
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, “ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ভোরের আকাশ/এসএইচ