শিবচরে কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে

মাদারীপুরের শিবচরে ভয়াবহভাবে বেড়ে চলেছে কিশোরদের মাঝে মাদক সেবন ও বিক্রির প্রবণতা। বিশেষ করে ইয়াবার সহজলভ্যতা ও সস্তা দামে পাওয়ার সুযোগে উঠতি বয়সের অনেক কিশোর আজ মাদক ব্যবসার অংশ হয়ে উঠছে।
শিবচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ইয়াবা রমরমা কেনাবেচা।শুরুর দিকে শখের বশে কেউ কেউ ইয়াবা সেবন শুরু করলেও পরবর্তীতে নেশার টাকার জোগান দিতে গিয়ে নিজেরাই মাদক বিক্রির পথ বেছে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবি জানান, খুচরা বাজারে এক পিস ইয়াবা বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়। তবে যারা ইয়াবা পৌঁছে দেয়,সেই কিশোরদের কাছে তা দেওয়া হয় ২০০ টাকায়। দিনে মাত্র ১০ পিস বিক্রি করলেই তারা নিজের নেশার টাকা সংগ্রহ করতে পারছে।
স্থানীয়দের অভিযোগ, মূল ডিলাররা নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা এড়াতে মাদক সরবরাহে এসব কিশোরদের ব্যবহার করছে। এতে একদিকে যেমন কিশোরদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, অন্যদিকে সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা।
শিবচরে মাদক বিক্রি বেড়েই চলছে। উপজেলার অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য কিশোর মাদক বিক্রেতা। কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চান না। পুলিশের হাতে আটক হলেও কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে তারা।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করেন, শিবচরে কিশোরদের এই ভয়ংকর ঝুঁকি থেকে রক্ষা করতে হলে প্রয়োজন আরও কঠোর মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা এবং অভিভাবকদের ভূমিকা।
ভোরের আকাশ/এসএইচ