জামালপুরে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. রেজোয়ান (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের মোড়ার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোড়ার পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রেজোয়ানকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রেজোয়ান বগার চর ইউনিয়নের মোড়ারপাড়া এলাকার মো. মমতাজ উদ্দিনের ছেলে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভোরের আকাশ/আ.র