মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু
মুন্সীগঞ্জে মদ্যপানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত চারজনের মৃত্যু ও জানাজা সম্পন্ন হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন— রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, এমন ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি।
ভোরের আকাশ/এসএইচ