মাগুরায় জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দক্ষতা থেকে কর্মসংস্থান, ভোকেশনাল গ্রাজুয়েটদের নতুন যাত্রা” স্লোগানকে সামনে রেখে মাগুরায় জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মাহবুব হায়দার। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহা. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিদর্শক সুশান্ত কুমার সাহা, শাশা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার ঘোষ, মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মনির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ উন্নয়ন জাতীয় অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা খাতের সম্প্রসারণ এবং বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই।
জব ফেয়ার ও সেমিনারে মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ আয়োজনে বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই